আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে তুলনামূলক অনভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের নিয়ে দল ঘোষণা করেছে ভারত। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) শুক্রবার ১৫ সদস্যের দল ঘোষণা করে। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এবারের টুর্নামেন্ট।

ভারতের এই দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন দেশটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ নৌসাদ মুসা। সহকারী কোচ হিসেবে থাকছেন বিবিয়ানো ফার্নান্দেজ।

টুর্নামেন্টে ভারত রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান ও মালদ্বীপ। আগামী ৫ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১১ নভেম্বর একই সময়ে মালদ্বীপের মুখোমুখি হবে দলটি।

ভারতের মূল জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে সাফ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় সারির দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সময় দেশটির সিনিয়র দল নিউজিল্যান্ডের অকল্যান্ড ও ক্রাইস্টচার্চে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাবে। ফলে বয়সভিত্তিক দলের তরুণদের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে দল সাজিয়েছে ভারত।