দক্ষিণ জাপান থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইন উপকূল পর্যন্ত বিস্তৃত জলসীমায় চীনের ৫৩টি নৌ ও সরকারি জাহাজের উপস্থিতি শনাক্ত করেছে তাইওয়ান। এসব জাহাজের মধ্যে ৩৪টি যুদ্ধজাহাজ রয়েছে। চীনের সামরিক তৎপরতাকে তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের জন্য নিরাপত্তা হুমকি হিসেবে দেখছে তাইপে।
বুধবার (২৮ অক্টোবর) তাইওয়ানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি মানচিত্র প্রকাশ করে চীনা জাহাজগুলোর অবস্থান তুলে ধরেন।
প্রকাশিত মানচিত্রে চীনের ৫৩টি জাহাজের অবস্থান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে দেশটির বিমানবাহী রণতরি ‘লিয়াওনিং’ এবং ৩৪টি নৌবাহিনীর যুদ্ধজাহাজ।
জোসেফ উ বলেন, চীনের এসব সামরিক ও সরকারি জাহাজের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাইওয়ান। তাঁর মতে, এই তৎপরতা তাইওয়ান, জাপান ও ফিলিপাইনের জন্য স্পষ্ট হুমকি।
মানচিত্র অনুযায়ী, লিয়াওনিং ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো ফিলিপাইনের পূর্বদিকে অবস্থান করছে। অন্য জাহাজগুলোর অবস্থান তাইওয়ানের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জলসীমা এবং জাপানের দক্ষিণ উপকূলসংলগ্ন এলাকায়।


মন্তব্য করুন