দেশের বাজারে আবারও কমেছে সোনা ও রূপার দাম। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে নতুন দাম কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১৯ হাজার ১২৫ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ১৮ হাজার ২৬৫ টাকা, ১৮ ক্যারেট ১৫ হাজার ৬৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১২ হাজার ৮১৫ টাকা।
অন্যদিকে, প্রতি গ্রাম ২২ ক্যারেট রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৩১৫ টাকা। ২১ ক্যারেট রূপার দাম ৩০০ টাকা, ১৮ ক্যারেট ২৬০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১৯৫ টাকা।
সংগঠনটির সিদ্ধান্ত অনুযায়ী, অলংকারের নকশা ও ধরনভেদে মজুরি প্রযোজ্য হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো অলংকার পরিবর্তনের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কিনে নেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য কার্যকর থাকবে।


মন্তব্য করুন