টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই তরুণের হাতাহাতির জেরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) সকালে আশুগঞ্জ বাজারে স্থানীয় নেতাদের উপস্থিতিতে বিরোধ মীমাংসায় সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। পুলিশের উপস্থিতিতে বৈঠকে বিরোধের নিষ্পত্তিও হয়। তবে পুলিশ চলে যাওয়ার পরপরই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার টিকটক ভিডিওতে মন্তব্য করাকে কেন্দ্র করে দুই তরুণের মধ্যে হাতাহাতি হয়। এর জেরে সোহাগপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, সকালে পুলিশের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হয়েছিল। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।