শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বরসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। দুপুর আড়াইটার দিকে মিরপুর-১০ গোলচত্বর থেকে সরে গিয়ে মিরপুর-১ নম্বরের মাজার সংলগ্ন বাজার ও মার্কেট এলাকায় ভাঙচুর চালান তারা। এ সময় হিমালয় গার্মেন্টস ও বাগদাদ শপিং কমপ্লেক্সে ভাঙচুরের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুপুর ২টা ৫ মিনিটের দিকে হিমালয় গার্মেন্টসের নিরাপত্তাকর্মীদের সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের সংঘর্ষ হয়। পরে শ্রমিকরা প্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালান। এ সময় ঘটনাস্থলে প্রায় ১২০ থেকে ১৫০ জন শ্রমিক উপস্থিত ছিলেন।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নাছের রিকাবদার জানান, ভাঙচুরে জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্রমিকরা আন্দোলন স্থগিত করে সরে গেলেও দিনভর সড়ক অবরোধের কারণে মিরপুর এলাকায় যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগে। ফলে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা।

মন্তব্য করুন