বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় দীপের ডাকে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন তাহসিফ। পরদিন বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পকেটে থাকা আইফোনের সূত্র ধরে পরিচয় শনাক্ত করা হয়।

তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন দীপ। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, অন্য জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আলামত উদ্ধারে তাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

রিমান্ড আবেদনে হত্যার কারণ, ব্যবহৃত আলামত, তাহসিফের ব্যক্তিগত মোটরসাইকেল এবং হত্যাকাণ্ডের প্রকৃত স্থান শনাক্ত করার বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। পরে দীপকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।