
চট্টগ্রামের জোরারগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরবর্তীতে পুলিশি তদন্তে পালিয়ে যাওয়া তিন আসামিসহ পাঁচজনের নাম শনাক্ত করা হয়। উদ্ধারকৃত এই গাঁজার বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ সাদ্দাম হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল ১নং করেরহাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাতলি এলাকায় বারইয়ারহাট-রামগড় আঞ্চলিক মহাসড়কের পাশে জলিলের বাড়ির টিলায় অভিযান চালায়।
সেখানে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে পুলিশ। বস্তা দুটি তল্লাশি করে মোট ২০টি পলিথিনের পোটলায় ১ কেজি করে সর্বমোট ২০ কেজি গাঁজা পাওয়া যায়। স্থানীয় বাজারমূল্য অনুযায়ী যার আনুমানিক দাম ৩ লাখ টাকা (প্রতি কেজি ১৫ হাজার টাকা)।
তাৎক্ষণিক পুলিশি তদন্তে জানা যায়, ঘটনাস্থলে উদ্ধারকৃত গাঁজা বিক্রির জন্য অবস্থান করছিল স্থানীয় ৩ মাদক কারবারি— মোঃ হারুন (৩২), আমির হোসেন (২৪) ও মোঃ দিদার (২৬)। এছাড়াও তাদের সাথে অজ্ঞাতনামা আরও ২ জন সহকারী ছিল।
জোরারগঞ্জ থানা পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
