দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন করে এবং অন্যান্য এলাকায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৫৬৮ জন, চট্টগ্রামে ২৭৩, সিলেটে ১৬৪, বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রাজশাহীতে ২৭ এবং রংপুরে ৪২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
এ সময়ের মধ্যে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৯ হাজার ১৩ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪ জনে।



মন্তব্য করুন