তুরস্কের ইস্তাম্বুলে দুই বছর মেয়াদি কোরআন শিক্ষা কোর্সে অংশ নিতে বাংলাদেশ থেকে সাত নারী পৌঁছেছেন। আজিম মাহমুদ হুদাইয়ি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কোর্সে এবারই প্রথম বাংলাদেশের অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এক বার্তায় এ তথ্য জানিয়েছে। তুরস্কের প্রেসিডেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে অধিভুক্ত আজিম মাহমুদ হুদাইয়ি ফাউন্ডেশন এ বৃত্তি দিয়েছে।
ইস্তাম্বুলে পৌঁছানোর পর বাংলাদেশি সাত নারীকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেলের সহধর্মিণী ও শিক্ষক মারুফা বিনতে ইব্রাহিমি।
বৃত্তির আওতায় অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমানভাড়া, আবাসন, খাবার, চিকিৎসাসেবা এবং শিক্ষা উপকরণের সব ব্যয় বহন করবে ফাউন্ডেশন।
দুই বছরের এই শিক্ষা কার্যক্রমে কোরআন, হাদিস ও ফিকহসহ ইসলামের মৌলিক বিষয় পড়ানো হবে। পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, রোগ প্রতিরোধ এবং শিষ্টাচার সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হবে।
কোর্সের অংশ হিসেবে বাংলাদেশি অংশগ্রহণকারীরা তুর্কি ভাষা শেখার সুযোগ পাবেন। এ ছাড়া বিভিন্ন কথোপকথনমূলক আয়োজন, সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থাকবে।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনে শিক্ষা সফরেরও আয়োজন করা হবে।
বাংলাদেশি নারীদের জন্য এ বৃত্তির সুযোগ তৈরি করায় আজিম মাহমুদ হুদাইয়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।

মন্তব্য করুন