অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। মাত্র তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ২৭২ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে।
গত শুক্রবার মুক্তির পর প্রথম তিন দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৫০ লাখ রুপি। প্রথম দিন ৬২ কোটি, শনিবার ৫৩ কোটি ৫০ লাখ এবং রোববার ৬১ কোটি রুপি আয় করেছে ছবিটি।
বক্স অফিসের এই সাফল্যে চলতি বছরে ‘ধুরন্ধর ২’-এর পর দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী সপ্তাহান্তের আয়ের তালিকায় জায়গা করে নিয়েছে ‘দৃশ্যম ৩’।
ভারতের বাইরে থেকেও সিনেমাটি উল্লেখযোগ্য আয় করেছে। প্রথম তিন দিনে আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৬১ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ২৭২ কোটি ৮০ লাখ রুপি।
অভিষেক পাঠক পরিচালিত এই সাসপেন্স-থ্রিলারে আবারও বিজয় সালগাঁওকরের চরিত্রে দেখা গেছে অজয় দেবগনকে। তার সঙ্গে অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, জয়দীপ আহলাওয়াত, রজত কাপুর, প্রকাশ রাজ ও ঈশিতা দত্ত।
আগের দুই কিস্তির মতো এবার কোনো মালয়ালাম সিনেমার গল্প অনুসরণ করা হয়নি। নির্মাতাদের দাবি, নতুন কিস্তির গল্প সম্পূর্ণ মৌলিক। মুক্তির পর দর্শকদের পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও সিনেমাটি প্রশংসা পাচ্ছে।

মন্তব্য করুন