বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন ও শ্রমিক শ্রেণির ভিসা দেওয়া বন্ধ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে।
লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া এবং ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত করে। একই সঙ্গে বাংলাদেশিদের জন্য শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এ পরিস্থিতিতে লাওসে কর্মসংস্থানের বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ করে ভুয়া ভিসা, চাকরির প্রস্তাব কিংবা অননুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, শ্রম ভিসা স্থগিত থাকার সময়ে কেউ চাকরি বা ভিসা দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে তা যাচাই ছাড়া লেনদেন করা উচিত হবে না। কোনো চাকরির প্রস্তাব বা ভিসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, স্থগিতাদেশের সুযোগ নিয়ে প্রতারক চক্র সক্রিয় হতে পারে। তাই লাওসে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রলোভনে না পড়ে সরকারি নির্দেশনা অনুসরণ করতে হবে।

মন্তব্য করুন