হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জুতার ভেতর থেকে ৯ কেজি ৩৪০ গ্রাম সোনা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুই বিমানকর্মীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন মানিক মিয়া ও মিজানুর রহমান।
এর আগে রোববার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণের পর দুই বিমানকর্মীর জুতা তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৮০টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে সোনার ওজন ৯ কেজি ৩৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তদন্তকারীরা এখন সোনাগুলো কীভাবে বিমানকর্মীদের কাছে গেল, এর সঙ্গে আর কারা জড়িত এবং সোনাগুলো কোথা থেকে আনা ও কোথায় নেওয়ার কথা ছিল, এসব বিষয় খতিয়ে দেখছেন।

মন্তব্য করুন