নির্ধারিত মূল্যে কোথাও এলপিজি পাওয়া না গেলে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা রয়েছে। এর মধ্যেও সরকার এলপিজির দাম সমন্বয়ের চেষ্টা করছে। তবে দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।
বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত মূল্যে এলপিজি ও অটোগ্যাস বিক্রি নিশ্চিত করতে ইতোমধ্যে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী জেলা প্রশাসকদের সঙ্গে অনলাইন বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি জানান, বিভিন্ন জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের মোবাইল কোর্টের মাধ্যমে তদারকি চলছে। আইন অমান্যকারীদের জরিমানার পাশাপাশি অভিযান আরও জোরদার করা হয়েছে।
এলপিজির বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সঙ্গেও সরকার আলোচনা করছে বলে জানান উপদেষ্টা। জ্বালানি মন্ত্রী এলপিজি আমদানিকারক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন এবং বাজার স্বাভাবিক রাখতে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
জাহেদ উর রহমান বলেন, এলপিজি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পণ্য। তাই শুধু অভিযান চালিয়ে নয়, ব্যবসায়ীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি সরবরাহ স্বাভাবিক রাখার মাধ্যমে সমন্বিতভাবে সংকট মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, যারা আইন মেনে চলছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগেই বাজার স্থিতিশীল রাখা সম্ভব।

মন্তব্য করুন