পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৩৮) নামে এক ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের বাড়ির পেছনের একটি হলুদ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুপ্রভাত মদক ওই গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, সোমবার সুপ্রভাত ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলেন। বিকেলে স্ত্রীকে নিয়ে চিকিৎসকের কাছে যান। চিকিৎসক দেখানোর পর স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে পরে নিজে ফেরার কথা জানান। তবে এরপর আর তিনি ব্যবসাপ্রতিষ্ঠান বা বাড়িতে ফেরেননি।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাতে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করে। রাত ১২টার দিকে ফোনটি চালু পাওয়া গেলেও একাধিকবার কল করা সত্ত্বেও তিনি ফোন ধরেননি।

মঙ্গলবার সকালে বাড়ির পাশের হলুদ ক্ষেতে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি ফজলে এলাহী জানান, সুপ্রভাতকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে হত্যার আগে তাকে আগুনে ঝলসানো হয়েছিল, নাকি হত্যার পর মরদেহে আগুন দেওয়া হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

হত্যার পেছনে কারা জড়িত এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।