মিয়ানমারের রাখাইন রাজ্যে বাস্তুচ্যুত মানুষের দুটি আশ্রয়শিবিরে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও একটি যুব অধিকার সংগঠনের বরাত দিয়ে সোমবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, রোববার বিকেল ৫টার দিকে পন্নাগুন শহরের একটি বাস্তুচ্যুত শিবিরে যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং আরও ১১ জন আহত হন।
এর পরদিন সোমবার সকালে পন্নাগুনের আরেকটি বাস্তুচ্যুতদের শিবিরে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো হয়। এতে আরও দুইজন নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংগঠনগুলো।
পন্নাগুন ইয়ুথ অ্যাসোসিয়েশনের মুখপাত্র কিয়াউ উইন তুন বলেন, হামলার শিকার দুটি শিবিরের বাসিন্দাদের প্রায় সবাই গৃহহীন ও বাস্তুচ্যুত সাধারণ মানুষ।
রোববারের হামলার বিষয়ে মিয়ানমার সরকারের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে একই ধরনের হামলার অভিযোগের জবাবে দেশটির সামরিক কর্তৃপক্ষ দাবি করেছিল, সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে অভিযান পরিচালনার সময় সর্বোচ্চ সংযম অবলম্বন করা হয়।
বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন বর্তমানে মিয়ানমারের গৃহযুদ্ধের অন্যতম প্রধান সংঘাতপূর্ণ অঞ্চল। রাজ্যটির উত্তর ও পশ্চিম উপকূলীয় বিস্তীর্ণ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। এসব এলাকা পুনর্দখলে মিয়ানমারের সামরিক বাহিনী নিয়মিত বিমান হামলা ও সামরিক অভিযান চালিয়ে আসছে।

মন্তব্য করুন