বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার বিকেলে আলীকদম-তিন্দু সংযোগ সড়কের আগোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, একটি দল আলীকদম হয়ে তিন্দুর দিকে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বিজিবি ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহত ও আহতদের অধিকাংশই কক্সবাজারের চকরিয়ার খুটাখালি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বলিপাড়া বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইয়াসির আরাফাত জানান, তিন্দু সড়কে নোহা প্রাইভেটকার উল্টে দুই পর্যটক নিহত হয়েছেন এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।