দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর একদিনের অতিরিক্ত সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ফলে সরকারি চাকরিজীবীরা এবার দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি পাবেন।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার একদিনের ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি থাকছে।
২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় ওই দুই দিন সাপ্তাহিক ছুটি।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজার ছুটির সমন্বয় করতে আগামী ১৭ অক্টোবর শনিবার সরকারি অফিস খোলা থাকবে।
চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

মন্তব্য করুন