দুর্গাপূজা উপলক্ষে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় দুই ঘণ্টা বাড়িয়েছে সরকার। আগামী ২২ অক্টোবর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব প্রতিষ্ঠান খোলা রাখা যাবে।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যুৎ বিভাগ এক চিঠিতে এ সিদ্ধান্ত জানিয়েছে। বর্তমানে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার নিয়ম রয়েছে।
বিদ্যুৎ বিভাগের চিঠিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। ২৩ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে।
নতুন সময়সূচি বাস্তবায়নে দেশের সব সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ঢাকা দোকান মালিক সমিতিকেও বিষয়টি জানানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানিকেও চিঠির অনুলিপি দেওয়া হয়েছে।
এর আগে বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যকর করার যুক্তিতে গত ১২ আগস্ট শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের সময় রাত ৯টা থেকে কমিয়ে রাত ৮টা করা হয়েছিল। তখন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা রাখার সময় নির্ধারণ করা হয়।
ওই নির্দেশনায় মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে শেষ করার কথা বলা হয়েছিল। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড ও সব ধরনের আলোকসজ্জা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।

মন্তব্য করুন