স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির পক্ষ থেকে প্রতিটি পদে একক প্রার্থী নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিজানুর রহমান মিনু।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে মিনু বলেন, ‘বিএনপি বড় দল।
এ কারণে নির্বাচনে দলের একাধিক নেতা প্রতিদ্বন্দ্বিতা করতে চান।
তবে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে বসে সমন্বয়ের মাধ্যমে একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।’
তিনি বলেন, ‘সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার পদেও একজন করে প্রার্থী দেওয়া হবে।
এটি আমাদের নেতার নির্দেশ।’
কেউ মব সৃষ্টি চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে বলে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, দেশের শান্তি শৃংখলা সুনিশ্চিত করা হবে।
ভূমি দস্যুদের কাছ থেকে দখল হওয়া সব জমি উদ্ধার করে জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দেওয়া হবে।
মাদক কারবারিদের পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান তিনি।
এসময় রাজশাহী মহানগর বিএনপি’র কার্যালয়ের সামনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশিদ এবং সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনসহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী আয়োজনে বিকেলে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী র্যালি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণি চত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে র্যালি সমাপ্ত হবে।