
প্লাস্টিক বর্জ্য দূরীকরণ ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
এখন থেকে চিড়িয়াখানার প্রবেশ টিকিটের বদলে মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিলেই শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রবেশের অনন্য সুযোগ।
সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটির এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও চিড়িয়াখানা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এই সিদ্ধান্ত ঘোষণা করেন।
জেলা প্রশাসক জানান, পরিবেশবান্ধব এই উদ্যোগ বাস্তবায়নে চট্টগ্রাম চিড়িয়াখানার প্রবেশদ্বারে নির্দিষ্ট বর্জ্য সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হবে।
সেখানে শিক্ষার্থীরা ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে সহজেই প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন।
প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, “অপচনশীল প্লাস্টিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
যত্রতত্র ফেলা প্লাস্টিকে পানি জমে এডিস মশার বংশবৃদ্ধি ঘটে, দুর্গন্ধ ছড়ায় এবং মানবদেহে স্বাস্থ্যঝুঁকি বাড়ায়।
পরিবেশ রক্ষার জন্য শিক্ষার্থীদের এখন থেকেই সচেতন ও সম্পৃক্ত করতেই আমাদের এই প্রয়াস।
কারণ, বাসযোগ্য পৃথিবীর বিকল্প কোনো জায়গা আমাদের নেই।”
একই সভায় কৃষিজমির উর্বর উপরিভাগ (টপসয়েল) কেটে ইট তৈরির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা প্রশাসক।
তিনি স্পষ্ট জানান, কৃষিজমির ক্ষতি করে ইট প্রস্তুত করা সম্পূর্ণ বেআইনি এবং এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালিত হবে।
ইটের বিকল্প উৎস হিসেবে খাল খনন বা সরকারি উন্নয়নকাজের আইনানুগ উপায়ে প্রাপ্ত মাটি ব্যবহারের পরামর্শ দেন তিনি।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন, জেলা উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমানসহ গণপূর্ত, বন বিভাগ ও ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।
