
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সদস্যদের মধ্যে তীব্র প্রতিবাদ ও হট্টগোল হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পটুয়াখালী-২ আসনের জামায়াতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।’
এ বক্তব্যের পরই বিরোধী দলের সদস্যরা দাঁড়িয়ে প্রতিবাদ শুরু করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে হস্তক্ষেপ করতে হয়।
বিরোধী সদস্যদের প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলিনি।’
পরে তিনি স্পিকারের উদ্দেশে বলেন, ‘মাননীয় স্পিকার, আমি আপনার শেল্টার চাই।’
হট্টগোল অব্যাহত থাকলে একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্তব্য প্রত্যাহার করে বলেন, ‘ইয়েস, আই উইথড্র, আই উইথড্র, আই উইথড্র।’
তবে বিরোধী দলের সদস্যরা আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ এবং ওই বক্তব্য সংসদীয় কার্যপ্রণালী থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।
পরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, সংসদের মর্যাদা রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবশ্যই দুঃখপ্রকাশ করতে হবে এবং তার বক্তব্য এক্সপাঞ্জ করতে হবে।
তা না হলে এমন অপমানজনক পরিবেশে বিরোধী দল সংসদে বসে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
হট্টগোলের মধ্যে স্পিকার সদস্যদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিয়ম মেনে মাইকে কথা বললে সবাইকে কথা বলার সুযোগ দেওয়া হবে।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পরীক্ষা করে অসংসদীয় কোনো বক্তব্য থাকলে তা এক্সপাঞ্জ করা হবে।
প্রায় ১৫ মিনিট ধরে চলা এই হট্টগোলের মধ্য দিয়ে অধিবেশনের প্রথম দিনের কার্যক্রমে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
