ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। কয়েক সপ্তাহের মধ্যে এই অভিযান শুরু হতে পারে বলে আঞ্চলিক বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, নতুন অভিযানের অন্যতম লক্ষ্য হবে লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল থেকে হুথিদের সরিয়ে দেওয়া। একই সময়ে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে অভিযান চালানোর পরিকল্পনাও রয়েছে। অভিযানে ইয়েমেনের স্থল বাহিনীর বড় একটি অংশ অংশ নিতে পারে। তাদের পরিচালনায় সৌদি আরবের ভূমিকা থাকবে। অন্যদিকে বিমান হামলা চালাবে সৌদি বাহিনী। অভিযানে প্রায় এক লাখ ইয়েমেনি সেনা অংশ নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
আঞ্চলিক সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সৌদি আরবকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। কয়েকটি আরব ও ইউরোপীয় দেশও সৌদিকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে। তবে সৌদির কোনো মিত্র দেশ সরাসরি সামরিক অভিযানে অংশ নেবে না বলে সূত্রগুলো জানিয়েছে। ইয়েমেনে ২০১৪ সালে হুথিদের উত্থানের পর রাজধানী সানাসহ দেশটির বিভিন্ন এলাকা তাদের নিয়ন্ত্রণে চলে যায়। এর পরই গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি আরব যুদ্ধে সরাসরি যুক্ত হয় এবং হুথিদের অবস্থানে ব্যাপক বিমান হামলা চালায়।
পরে জাতিসংঘের মধ্যস্থতায় ২০২২ সালে হুথি ও সৌদি আরবের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়। কয়েক বছর তুলনামূলক শান্ত থাকার পর চলতি বছরের মাঝামাঝি সময়ে পরিস্থিতির আবার অবনতি শুরু হয়। প্রায় দুই মাস আগে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বাহিনীর হামলার পর উত্তেজনা আরও বেড়ে যায়। ওই সময় ইরান থেকে ফেরত আসা হুথি নেতাদের বহনকারী একটি বিমান সেখানে অবতরণ করছিল বলে সূত্রগুলো জানিয়েছে। এরপর সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা হামলা চালায় হুথিরা। একই সঙ্গে ইয়েমেনের ওপর সৌদি আরোপিত অবরোধ প্রত্যাহারের দাবি জানায় তারা। অবরোধ প্রত্যাহার না হলে লোহিত সাগর ও বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকিও দেয় হুথিরা।
এরই মধ্যে ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা হুথিদের নিয়ন্ত্রণে যাওয়ার খবর পাওয়া গেছে। নতুন সৌদি অভিযানে লোহিত সাগরের যেসব এলাকা হুথিরা সাম্প্রতিক সময়ে দখলে নিয়েছে, সেসব অঞ্চল থেকে তাদের সরিয়ে দেওয়াই প্রধান লক্ষ্য হতে পারে বলে আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে।



মন্তব্য করুন