ইরান যুদ্ধ এবং ইয়েমেনে সৌদি আরব ও হুথিদের সংঘাত নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা। শুক্রবার ক্যাম্প ডেভিডে কয়েক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বৈঠকে সভাপতিত্ব করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বিশেষ দূত স্টিভ উইটকফ, সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন উপস্থিত ছিলেন।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, বৈঠকে ইরান ও ইয়েমেন পরিস্থিতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনার সময় কিছু বিষয়ে সিদ্ধান্তেও পৌঁছানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা।
এদিকে ইয়েমেনে সৌদি আরব ও হুথিদের সংঘাতও নতুন করে তীব্র হয়েছে। সৌদি নেতৃত্বাধীন বাহিনী হুথিদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে সৌদি নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টাও চলমান রয়েছে। তবে সাম্প্রতিক আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়নি বলে বিভিন্ন মার্কিন সূত্র জানিয়েছে। এর মধ্যেই ক্যাম্প ডেভিডে ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠককে অঞ্চলটির চলমান সংকট নিয়ে ওয়াশিংটনের পরবর্তী নীতি নির্ধারণের গুরুত্বপূর্ণ পরামর্শ হিসেবে দেখা হচ্ছে।



মন্তব্য করুন