
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অন্তত ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে যৌথ অভিযানে মহানিরাপত্তা গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) ও ঢাকা কাস্টমস হাউজ।
রোববার (১৯ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশ থেকে আনা ফলের চালানের আড়ালে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কার্গো ভিলেজে অভিযান চালিয়ে ফলের ক্যারেটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। জব্দ হওয়া স্বর্ণের পরিমাণ অন্তত ১৬ কেজি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে স্বর্ণের প্রকৃত মালিক, চালানের উৎস এবং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্রকে শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।