মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে বালু উত্তোলনের দায়ে মো. ছাতির মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা ছড়ার অপর পাশ দিয়ে পালিয়ে যায়।
লে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব না হওয়ায় কোনো দণ্ড দেওয়া যায়নি।
তবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
অপরদিকে মৌলভীবাজার রোডের ৫ নম্বর পুল এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলনরত অবস্থায় ছাতির মিয়াকে হাতেনাতে আটক করা হয়।
তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।