
সবাইকে সঙ্গে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাজস্ব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সম্মেলনের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘পেছনে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই। সবাইকে নিয়ে সামনে যেতে চাই।
সামনে যেতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে।’
এক রাজস্ব কর্মকর্তার প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি দেশ একটি পরিবারের মতো।
সেখানে রাজস্ব বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তারেক রহমান বলেন, অতীতে যা হয়ে গেছে, তা হয়ে গেছে। সরকার সবাইকে নিয়ে সামনে এগিয়ে যেতে চায়।
কর্মকর্তারা সরকারের কাছে যেসব দাবি জানাচ্ছেন, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সৎ ও দক্ষ কর্মকর্তাদের আরও বেশি কাজের সুযোগ দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা সৎ, দক্ষ, তাদের আমরা আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই।’
সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন।
রাজস্ব বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা চলছে।
পাশাপাশি রাজস্ব কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী।
