
রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে পাহাড়ি সড়কের বিপজ্জনক বাঁকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারীসহ চারজন প্রাণ হারিয়েছেন।
এ ঘটনায় পিকআপ চালকসহ আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শান্তি রঞ্জন চাকমা (৬৫) এবং শোভা চাকমা (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙ্গামাটি শহরের কল্যাণপুর এলাকা থেকে যাত্রী নিয়ে কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি দ্রুতগামী পিকআপ (চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯)। গাড়িটি মানিকছড়ি আর্মি ক্যাম্পের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান।
মুহূর্তে পিকআপটি সড়ক থেকে ছিটকে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই মেঘরানী, শান্তনা ও শান্তি রঞ্জনের করুণ মৃত্যু হয়।
সংবাদ পেয়ে সেনা সদস্য ও পুলিশ স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শোভা চাকমার অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে পথিমধ্যেই মৃত্যু হয় তাঁর। দুর্ঘটনায় মারাত্মক আহত চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫) বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শওকত আকবর জানান, হাসপাতালে আনা ছয়জনের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত যানটি জব্দ করা হয়েছে।
আইনি প্রক্রিয়া সম্পাদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য দীপেন দেওয়ান।
তিনি শোকার্ত স্বজনদের সমবেদনা জানান এবং চিকিৎসাসহ সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
