
পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মহালছড়ি জোন।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলার শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক শুভ অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও অর্থ সহায়তা তুলে দেন মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এবারের এসএসসি পরীক্ষায় মহালছড়ি উপজেলা থেকে একমাত্র জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী টুম্পা চাকমাকে।
তার উচ্চশিক্ষার পথ মসৃণ করতে সেনাবাহিনীর পক্ষ থেকে এইচএসসি পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত বই এবং ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এমন সহায়তা পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন টুম্পা ও তার পরিবার।
এ ছাড়া অনুষ্ঠানে মহালছড়ি জোনের আওতাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ জন মেধাবী শিক্ষার্থী এবং মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
শিক্ষার্থীদের মাঝে অনুপ্রেরণা বাড়াতে অনুষ্ঠানে আমন্ত্রিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরফানুল হক চৌধুরীসহ অন্যান্য সরকারি কর্মকর্তারাও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির প্রায় ৭০ জন ছাত্রীর জন্য স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতামূলক এক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার উপস্থিতিতে এই সেশনে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সুরক্ষার নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশিষ্টজনেরা মনে করেন, সেনাবাহিনীর এই ধরনের সময়োপযোগী উদ্যোগ পাহাড়ি অঞ্চলে শিক্ষার প্রসার ও পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করতে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
