উদ্ভাবনী ও মেধাবী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আনতে হবে। পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতেও ব্যবসায়ীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এ প্রসঙ্গে তিনি স্বল্প সুদে ব্যাংক ঋণের মাধ্যমে অতীতে রাজশাহীসহ উত্তরাঞ্চলে শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির উদাহরণ তুলে ধরেন।

সাক্ষাৎকালে ডিসিসিআই প্রতিনিধিরা ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতার কথা জানান। ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা সমাধানে সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তারা।

এ সময় রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোর ব্যর্থতার সমালোচনা করেন। অতীতে লুটপাট ও অনিয়মের কারণে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজকে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব এবং ডিসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।