বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০২ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
এ বছর প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা, কারিগরি, সাধারণ বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিশেষায়িত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাটাগরিতে ১০২ জন শিক্ষককে নির্বাচিত করা হয়।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ, ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামসহ বিশিষ্ট শিক্ষাবিদরা সম্মাননা পেয়েছেন।
চিকিৎসা শিক্ষায় অবদানের জন্য অধ্যাপক ডা. এম এ মাজেদ, অধ্যাপক ডা. সায়েবা আক্তার এবং প্রকৌশল ও কারিগরি শিক্ষায় অবদানের জন্য বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান ও ড. এ বি এম হারুন-উর-রশিদকে সম্মানিত করা হয়।
বিশেষ ক্যাটাগরিতে দীর্ঘদিন বিনামূল্যে শিক্ষা বিস্তারে অবদান রাখা ‘এক টাকার শিক্ষক’ মো. লুৎফর রহমান, রমনী কান্ত পাঠশালার রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় অবদান রাখা মো. মোজাম্মেল হোসেন খানও সম্মাননা পেয়েছেন।
বিভিন্ন অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পৃথক বিচারক ও অনুসন্ধান কমিটির মাধ্যমে যাচাই-বাছাই শেষে এসব শিক্ষককে সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।



মন্তব্য করুন