
বরখাস্ত সেনা কর্মকর্তা ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২০ জুলাই) দুপুরে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল আদালতের নির্দেশনা অনুযায়ী বাড়িটির ইনভেন্টরি (সম্পদের তালিকা প্রস্তুত) কার্যক্রম শুরু করে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি আদালত জিয়াউল আহসান ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ক্রোক করা স্থাবর সম্পত্তির তদারকি ও রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং গণপূর্ত বিভাগকে রিসিভার (তত্ত্বাবধায়ক) হিসেবে নিয়োগ দেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর থেকেই তিনি কারাগারে রয়েছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তীতে ২০২৫ সালের জানুয়ারিতে জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের করা হয়। মামলায় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধি লঙ্ঘন এবং বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়।
