ঢাকা
২৩ জুন ২০২৬
শিরোনাম

‘ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই’

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ২৪ বার পঠিত
‘ডিসি সারওয়ার আলমের বদলিতে মাজারের ইস্যু নেই’

সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের কোনো ইস্যু জড়িত নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আপনি (সাংবাদিক) সিলেটের ডিসিকে ট্রান্সফার করার কথা বলছেন এবং সেখানে একটি মাজারে তার একটি পদক্ষেপের সঙ্গে বিষয়টিকে রিলেট করার কথা বলছেন। এটা কেউ কেউ করছেন অনলাইনে। এটাকে আমরা এভাবে কেন বলব? মানে ঘটনাটি এর পরে ঘটেছে বলেই এ ধরনের একটি পারসেপশন তৈরির চেষ্টা হয়তো আছে।’

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

তিনি বলেন, ‘সরকার তার জুরিসডিকশনের মধ্যে করা কিছু কাজ সব সময় আসলে তার জায়গা থেকে ব্যাখ্যাও দেবে না। এটাই নিয়ম। কিছু রাষ্ট্রীয় গোপনীয়তা থাকতে পারে। আর এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিবৃতিও দেওয়া হয়েছে। এর বেশি আসলে আর কিছু বলার থাকবে না। কারণ, স্পেকুলেশন নানান রকম হতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা যখন যা করি, যা-ই ঘটাই না কেন, নানান ধরনের স্পেকুলেশন হতে থাকে। আমাদের সোশ্যাল মিডিয়ায় নানান রকম ইন্টারেস্ট গ্রুপ আছে। আর সরকারের বক্তব্য যেটা, সেটাই আপাতত এখানে বলবৎ থাকবে। আমি মনে করি না আসলে এ ধরনের (মাজার) কোনো ইস্যু আছে।’

মাজারের দানের টাকার স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারও দ্বিমত করবে না বলেও মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

Facebook Comments Box