
কক্সবাজারের উখিয়া ও রামু সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উদ্ধার করা হয়েছে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা, যার মধ্যে সীমান্ত দিয়ে অভিনব কায়দায় আনার সময় ১ লাখ ৪০ হাজার ইয়াবার একটি বড় চালান জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট রাত ১১টার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের কাছে অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে জেলেদের ছদ্মবেশে তিন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের ভেতরে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করেন।
উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা সঙ্গে থাকা একটি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে দ্রুত গ্রামের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া ড্রামটি তল্লাশি করে ভেতরে পলিথিন ও খাকী প্যাকেটে মোড়ানো বাতাসনিরোধক নীল রঙের প্যাকেটে থাকা ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পেছনে জড়িত মাদক চোরাকারবারীদের শনাক্ত করতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অপর একটি দল ১ নং জিপি গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক সিএনজি অটোরিকশায় তল্লাশি চালায়।
এ সময় রোকসানা আক্তার (৪০) নামের এক নারী যাত্রীর বাম পায়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত নারী রামু দারিয়ার দীঘি এলাকার মুক্তার মিয়ার স্ত্রী বলে জানিয়েছে বিজিবি।
৩০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদকের বিস্তার রোধে বিজিবির এই কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
