রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজ বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ২০০ ইউনিট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। গত তিন দিনে উৎপাদিত বিদ্যুতের মধ্যে ১ হাজার ইউনিট বাসভবনে ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন’ কর্মসূচির পর্যালোচনা সভায় এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে সৌর প্যানেল স্থাপন করে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর একটি উদ্যোগ নেওয়া হয়েছে। একইভাবে সমবায় ভবনসহ দেশের বিভিন্ন জাতীয় ও সরকারি ভবনের ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, এসব ভবনের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। বিদ্যুৎ উৎপাদনকে ব্যবসায়িক কার্যক্রম হিসেবেও বিবেচনা করার ওপর গুরুত্ব দেন তিনি। নেট মিটারিং পদ্ধতি নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানে আসার কথা জানান প্রতিমন্ত্রী।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে সতর্ক থাকার জন্য ইউএনওদের নির্দেশনার কথাও জানান মীর শাহে আলম। স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে ইউএনওদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এ ছাড়া দরিদ্র মানুষের জরুরি সহায়তার জন্য ইউএনওদের ঐচ্ছিক তহবিলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। তাঁর মতে, এ ধরনের তহবিল থাকলে অসহায় মানুষকে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে।

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি উপজেলা পর্যায়ে বাস্তবায়নের কাজ ইউএনওরা তদারকি করছেন বলে জানান মীর শাহে আলম।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box