সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া শতাধিক প্রার্থী আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পরও তাদের নিয়োগ দেওয়া হয়নি বলে দাবি করেছেন তারা। পাশাপাশি তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলাও নেই বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

নিয়োগপত্রের দাবিতে রোববার (৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে আমরণ অনশনে বসার ঘোষণা দিয়েছেন তারা। নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন প্রার্থীরা।

বাদ পড়া প্রার্থীদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আবু তালহা। তিনি জানান, সহকারী শিক্ষক নিয়োগের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন। কিন্তু নিয়োগের শেষ ধাপে গত ২৪ সেপ্টেম্বর ভেরিফিকেশনের সময় তাকে বাদ দেওয়া হয়।

তালহার দাবি, বাদ পড়া প্রার্থীদের নিয়োগের বিষয়ে গত ১ অক্টোবর দ্বিতীয় দফায় আদেশ জারি হলেও সেখানেও তিনি নিয়োগপত্র পাননি। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৯৫ জনের মধ্যে ৯৪ জন নিয়োগপত্র পেলেও তিনি একমাত্র বঞ্চিত প্রার্থী বলে জানান।

এদিকে নতুন নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে রোববার। ৮ অক্টোবর পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। এতে শিক্ষকদের দায়িত্ব, কর্তব্য, চাকরির বিধিমালা, শৃঙ্খলা ও বিদ্যালয়ের পরিবেশ সম্পর্কে ধারণা দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে নতুন শিক্ষকদের ১১ অক্টোবর পদায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।