
একসঙ্গে একাধিক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বরিশালের এক তরুণের বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিয়ের আশ্বাস দেওয়া এবং ব্যক্তিগত ছবি ও ভিডিও চাওয়া হতো তরুণীদের কাছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর গতকাল রাতে নগরের বগুড়া রোডের মুন্সিগ্যারেজ এলাকায় তিন তরুণীর হাতে প্রকাশ্যে মারধরের শিকার হলো মো. জাবেদ নামের ওই তরুণ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে আসে।
জাবেদ বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।
তাঁর বাড়ি বরিশাল সদর উপজেলার টুমচর গ্রামে।
বর্তমানে তিনি নগরের গোরস্থান রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন।
জাবেদের বিরুদ্ধে অভিযোগ করা এক তরুণীর দাবি, ২০২০ সালে তাঁর সঙ্গে জাবেদের সম্পর্ক হয়।
সম্পর্ক চলাকালে জাবেদ বিভিন্ন সময় তাঁকে নানা ধরনের প্রস্তাব দিতেন।
মুঠোফোনে ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে দেওয়ার জন্যও চাপ দিতেন।
তাঁর দাবি, জাবেদের পড়াশোনার খরচ, পরিবানের মুঠোফোন দেয়া, মোটরসাইকেল কেনার সময় টাকা দেয়া এবং তেল ভরার টাকাসহ বিভিন্ন খরচ তাঁকে বহন করতে হয়েছে।
তাদের সম্পর্ক চলাকালে তিনি জানতে পারেন, তাঁর পাশাপাশি আরও কয়েকজন তরুণীর সঙ্গে জাবেদের সম্পর্ক রয়েছে।
পরে খোঁজ নিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হন।
এরপর গতকাল সন্ধ্যায় কৌশলে জাবেদকে নগরের মুন্সিগ্যারেজ এলাকায় ডেকে একে একে তিন তরুণী উপস্থিত করেন।
তাঁদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে জাবেদকে মারধর করা হয়।
এ ঘটনাটি দেখে আশপাশের লোকজন জড়ো হন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাবেদকে থানায় নিয়ে আশে।
কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, একজনকে থানায় আনা হয়েছে।
অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
