
চট্টগ্রামের মীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬টি বিভিন্ন মডেলের চোরাই মোবাইলসহ সংঘবদ্ধ চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো: মাসুদ আলম বিপিএম-এর নির্দেশনায় এবং মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিনের সার্বিক তত্ত্বাবধান ও প্রত্যক্ষ অংশগ্রহণে অপরাধ দমনে মহাসড়কে নিয়মিত চেকপোস্ট ও অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে মীরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট বসায় পুলিশ।
এ সময় তল্লাশি চালিয়ে ১৬টি চোরাই মোবাইলসহ মো: ছাদেক (৩৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত ছাদেক সিলেটের শাহপরান (র:) থানার হতুরা চুয়াবহর বটেশ্বর এলাকার মো: কুতুব আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের হয়ে অবৈধ উপায়ে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, সংঘবদ্ধ এই চোরাই সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় অপরাধ দমন ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কঠোর ভূমিকা পালন করবে মীরসরাই থানা পুলিশ।
