
।
ভালোবাসা দিবসে একসঙ্গে তৌসিফ-পূজা, ইমরান-নীল।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ইমরান-পূজার নতুন গানচিত্র ‘তুমি শুধু আমার’ প্রকাশ পেতে যাচ্ছে। আর সেখানে জুটি বেঁধেছেন ইমরান-নীল, তৌসিফ-পূজা।
নিজের গানচিত্রে ইমরান নিজেই নায়ক অনেকদিন আগে থেকেই। এবার সেখানে নতুন মাত্র যোগ হল। এ গানচিত্রে ইমরানের বিপরীতে থাকছেন মডেল নীল আর পূজার সাথে থাকছেন অভিনেতা তৌসিফ।
ইমরান জানান, গল্পনির্ভর বিশেষ এই রোমান্টিক গানে তিনি অভিনয় করেছেন মডেল নীলের সঙ্গে। আর
পূজার বিপরীতে পাওয়া যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে !
গানচিত্রটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। দুই জুটিকে নিয়ে গেল বছরের শেষ তিনদিন টানা শুটিং করেছেন পুরাতন ঢাকা ও উত্তরার বিভিন্ন লোকেশনে। বর্তমানে চলছে সম্পাদনার কাজ।
ভিকি বললেন, ইমরান-পূজা দুজনেই নিজেদের কাজের প্রতি সবসময় সিরিয়াস থাকেন। আমি নিজেও একই ধাঁচের মানুষ। আমরা আসলে মানুষকে নতুন নতুন গল্প শোনাতে চাই। সেটা হোক গানে, হোক দৃশ্যে। সাধারণত যেমনটা হয়, ঠিক তার উল্টোটা করলাম।
জুটি অদল-বদল করে নিলাম! আশা করছি ভালো কিছু হবে।
ইমরান-পূজার গাওয়া এই গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশের কথা রয়েছে গানচিত্রটি।
