পাবনার সদর উপজেলায় বজ্রপাতে শিশুসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের সোনাপাতির বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মালঞ্চি ইউনিয়নের গজমতিকুন্ডা এলাকার রবিউল ইসলামের ছেলে শাওন (২৪), নলমুড়া এলাকার ইসমাইল মোল্লার ছেলে রব্বেল মোল্লা (২০), শাহজাহান প্রামাণিকের ছেলে মিজানুর রহমান (১০), নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১৪), শাহাদুলের ছেলে আব্দুল্লাহ (১৮) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন সোনাপাতির বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টঙ ঘরে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন।
বজ্রপাতের পর হতাহতরা বেশ কিছুক্ষণ টঙ ঘরেই পড়ে ছিলেন। সন্ধ্যার দিকে আশপাশের এলাকার লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যান। পরে ছয়জনকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা। স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলটি দুর্গম এলাকায় অবস্থিত। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারের কার্যক্রম চলছে।

মন্তব্য করুন