মুক্তির আগেই ব্যবসায়িক রেকর্ড গড়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’। আন্তর্জাতিক বাজারে প্রদর্শনস্বত্ব বিক্রি করে সিনেমাটি পেয়েছে ১৭৫ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কোনো ভারতীয় সিনেমার বিদেশি প্রদর্শনস্বত্ব বিক্রিতে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব কিনেছে ফার্স ফিল্মস। এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস।

তবে বড় অঙ্কের এই চুক্তির কারণে সিনেমাটির ওপর ব্যবসায়িক প্রত্যাশাও অনেক বেশি। পরিবেশকদের বিনিয়োগ তুলে আনতে আন্তর্জাতিক বাজারে ‘কিং’-কে প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পুনরাবৃত্তি করতে হবে সিনেমাটিকে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’-এ শাহরুখের সঙ্গে অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জিসহ আরও অনেকে। প্রথমবারের মতো বড় পর্দায় বাবা-মেয়ে শাহরুখ ও সুহানাকে একসঙ্গে দেখা যাবে।

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।