বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দ্বিতীয়বারের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুরের কালিয়াকৈরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে প্রায় সাত কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এ সময় সড়কে মাটিভর্তি বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন তারা।

শ্রমিকদের অভিযোগ, কয়েক দিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানালেও কারখানা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত নেয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন।

এর আগে সকালে শ্রমিকদের পরিস্থিতি শান্ত রাখতে একটি সভা অনুষ্ঠিত হয়। তবে সভা শেষ হওয়ার পরপরই শ্রমিকরা আবারও মহাসড়কে নেমে অবরোধ শুরু করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও শিল্প পুলিশের সদস্যরা অবস্থান করছেন।