নাটোরের লালপুরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন লালপুরের জৌতদৈবগী এলাকার মো. আশিক (২২), মণ্ডলপাড়ার মো. শাকিল ইসলাম বন্ধন (২০) ও মো. কাজল (২২)।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ফোনে আশিকের সঙ্গে ২৩ বছর বয়সী ওই তরুণীর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। শনিবার বিকেলে আশিক তাকে গ্রিন ভ্যালি পার্কে নিয়ে যান। পরে একটি অটোরিকশায় করে লালপুর ডিগ্রি কলেজ মাঠসংলগ্ন এলাকায় যান তারা।

তরুণীর অভিযোগ, সেখানে একটি ফাঁকা বাড়ির কক্ষে আশিক ও তার দুই সহযোগী তাকে ধর্ষণ করেন। এ সময় তাদের একজন ঘটনার ভিডিও ধারণ করেন। পরে তাকে অটোরিকশায় করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরদিন ওই ভিডিও তরুণীর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ১৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। বিষয়টি তিনি এক আত্মীয়কে জানালে পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।