
খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চালানো পৃথক দুটি অভিযানে সীমান্ত থেকে ৭টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তসংলগ্ন কয়লারমুখ ও ছোটফরিংঙা এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধার করা গরুগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে কয়লারমুখ বিওপির একটি ক্ষিপ্র টহলদল হাতিমারা টিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আনা ৩টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
এর কিছুক্ষণ পর, রাত আনুমানিক ২টার দিকে ছোটফরিংঙা বিওপির অন্য একটি দল সীমান্তসংলগ্ন কৌশলী স্থানে অবস্থান নেয়। ভারতীয় সীমান্ত অতিক্রম করে গরু নিয়ে আসার সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা সাথে থাকা গরুগুলো রেখেই দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে সেখান থেকে আরও ৪টি গরু উদ্ধার করে বিজিবি টহলদল।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্তজুড়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন জিরো-টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।