মধ্যরাতে রাজধানীর মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। হকার উচ্ছেদের পর এলাকার সার্বিক পরিস্থিতি, পরিচ্ছন্নতা, ডেঙ্গু পরিস্থিতি, ড্রেনেজ ব্যবস্থা ও বৃক্ষরোপণ কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) মধ্যরাতে নিজেই গাড়ি চালিয়ে মিরপুর-১০ এলাকায় যান ডিএনসিসি প্রশাসক। হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর এলাকার পরিস্থিতি ঘুরে দেখেন এবং হকারদের ব্যবহৃত অবৈধ বিদ্যুৎ সংযোগ দ্রুত বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে হকার উচ্ছেদের পর বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

এ ছাড়া মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেলের পিলার ও আশপাশের দেয়ালে থাকা অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের কাজ পরিদর্শন করেন প্রশাসক। এসব স্থান পরিষ্কার করার পর সিটি করপোরেশনের উদ্যোগে গ্রাফিতি অঙ্কনের পরিকল্পনাও পর্যালোচনা করেন তিনি।

মিরপুর-১০ এলাকাকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিএনসিসি প্রশাসক।