একসময় দেশের ছোটপর্দা ও মডেলিং জগতে ব্যস্ত সময় পার করেছেন মোজেজা আশরাফ মোনালিসা। তবে কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী ও মডেল।
সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। একই সঙ্গে জীবনের নানা চড়াই-উতরাই, অর্জন ও অভিজ্ঞতার কথা তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোনালিসা জানান, জীবনের গত এক বছর নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দের মধ্য দিয়ে কেটেছে। জীবনের প্রতিটি অভিজ্ঞতার জন্য তিনি কৃতজ্ঞ, কারণ এসব অভিজ্ঞতাই তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।
জীবনের উত্থান-পতনের প্রসঙ্গ তুলে এই অভিনেত্রী বলেন, প্রতিকূলতার মধ্যেও কৃতজ্ঞ হওয়ার অনেক কারণ রয়েছে। সুস্বাস্থ্য, শক্তি এবং কঠিন পরিস্থিতি মোকাবিলার মানসিক দৃঢ়তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জন্মদিনে নিজের জন্যও প্রার্থনা করেছেন মোনালিসা। দীর্ঘ ও সুস্থ জীবন এবং প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার শক্তি চেয়েছেন তিনি। একই সঙ্গে জীবনের নতুন বছরটি সুন্দর মুহূর্ত, আশীর্বাদ ও নতুন অর্জনে ভরে উঠুক—এমন প্রত্যাশাও জানিয়েছেন।
মোনালিসার ব্যক্তিজীবনেও এসেছে নানা পরিবর্তন। ২০১২ সালে ক্যারিয়ারের সাফল্যের সময়ে নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। পরের বছর স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে একটি বাংলা টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে তাদের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের প্রায় এক বছরের মধ্যেই বিচ্ছেদ ঘটে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে বিয়ে করেননি মোনালিসা।
বর্তমানে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তিনি। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় মোনালিসা। সেখানে নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত, ছবি ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন।

মন্তব্য করুন