
কক্সবাজারের টেকনাফে এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত মঙ্গলবার বিকেলে টেকনাফ থানাধীন ডেইলপাড়া এলাকার একটি বসতবাড়িতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০ লাখ টাকা বাজারমূল্যের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বুধবার সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ অভিযান দল ডেইলপাড়ার একটি বাড়িতে হানা দেয়। তল্লাশিকালে উক্ত বসতবাড়ি থেকে ১০ হাজার পিস ইয়াবার পাশাপাশি নগদ ২ হাজার ২০০ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই তিন ইয়াবা কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদকবিরোধী কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “মাদকের বিস্তার রোধ ও তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ডের এমন জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।