
সিলেটের গোয়াইনঘাটে পরিত্যক্ত অবস্থায় পাওয়া একটি মর্টার শেল উদ্ধার করে নিরাপদে ধ্বংস করেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা মর্টার শেলটি ধ্বংস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় নয়াগাঙেরপাড় এলাকায় শিশুরা খেলতে গিয়ে মর্টার শেলটি দেখতে পায়। পরে স্থানীয় কয়েকজন যুবক সেটি আছড়ে ভেঙে ফেলার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপদ করে এবং মর্টার শেলটি পাহারায় পুলিশ মোতায়েন করে।
পরবর্তীতে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে সিলেট সেনাবাহিনীর এটিও ক্যাপ্টেন মনিরার নেতৃত্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেটি ধ্বংস করে।
এ সময় গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার তানভীর ফয়েজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল জানান, মর্টার শেলটি উদ্ধারের পর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের মাধ্যমে সেটি নিরাপদে ধ্বংস করা হয়।