ইউরোপের বিভিন্ন দেশে সরকারবিরোধী বিক্ষোভ ও গণ-আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। ফ্রান্স, স্পেন, ইতালি, সার্বিয়া ও জার্মানিসহ মহাদেশটির বিভিন্ন দেশে সরকারের ব্যর্থতা ও ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। এবার সেই বিক্ষোভের ঢেউ যুক্তরাজ্যেও ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলছে।
গত শুক্রবার দেশটির শত শত স্কুল ও বিশ্ববিদ্যালয়ের হাজারো শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভে অংশ নেন। অ্যাবারডিন থেকে ব্রাইটন, সোয়ানসি থেকে নটিংহাম—দেশজুড়ে বিভিন্ন শহরে এই কর্মসূচি পালিত হয়। ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি তিন গুণ বাড়ানোর প্রতিবাদের পর এটিকে শিক্ষার্থীদের অন্যতম বড় আন্দোলন হিসেবে দেখা হচ্ছে।
আন্দোলনকারীদের দাবি, সরকার শিক্ষা ও জনসেবার খাতে বরাদ্দ কমিয়ে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর নীতি অনুসরণ করছে। এর প্রতিবাদেই শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। ইউরোপজুড়ে সামরিকীকরণবিরোধী আন্দোলন সমন্বয়ের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক উদ্যোগ ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাগেইনস্ট ওয়ার’-এর সঙ্গে যুক্ত সংগঠনগুলো এই বিক্ষোভের ডাক দেয়।
বিশ্ববিদ্যালয় ও কলেজ শিক্ষক-কর্মচারীদের সংগঠন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন (ইউসিইউ) প্রথম এ উদ্যোগের প্রতি সমর্থন জানায়। তারা জাতীয় কর্মসূচি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় খাতের সদস্যদের শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ ও সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানায়।
পরে আরো কয়েকটি বড় শ্রমিক সংগঠন শিক্ষার্থীদের কর্মসূচির প্রতি সমর্থন জানায়। এর মধ্যে রয়েছে ইউনিসন, ইউনাইট, ন্যাশনাল এডুকেশন ইউনিয়ন (এনইইউ), জিএমবি এবং এডুকেশনাল ইনস্টিটিউট অব স্কটল্যান্ড (ইআইএস)। বড় শ্রমিক সংগঠনগুলোর এই সমর্থন আন্দোলন আরো বিস্তৃত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
লন্ডনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মিছিল একপর্যায়ে ট্রাফালগার স্কয়ারে মিলিত হয়। সেখানে তারা ‘আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করো, তাদের যুদ্ধের জন্য নয়’ স্লোগান দেন। পরে মিছিলটি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের দিকে যায়। সেখানে শিক্ষার্থী আন্দোলনের কর্মী ও শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন। তারা শিক্ষা ও জনসেবার পরিবর্তে প্রতিরক্ষা খাতে সরকারের বেশি গুরুত্ব দেওয়ার সমালোচনা করেন।
যুক্তরাজ্যের তরুণদের ক্ষোভের পেছনে রয়েছে নানা অর্থনৈতিক ও সামাজিক সংকট। ইউরোপের অন্য দেশগুলোর মতো সেখানেও তরুণেরা উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক স্থবিরতা, জনসেবার অবনতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মুখে পড়েছেন। সম্পত্তি নিয়ে জল্পনা-কল্পনা ও বিনিয়োগের কারণে আবাসনসংকটও তীব্র হয়েছে। এর পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগ, বর্ণবাদ ও নারীবিদ্বেষের বিস্তার এবং পরিবেশ ও জলবায়ু বিপর্যয়ের আশঙ্কা তরুণদের ক্ষোভ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে বড় ধরনের বিক্ষোভ গড়ে ওঠাকে অস্বাভাবিক মনে করছেন না বিশ্লেষকেরা।
সরকারি হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে ১৬ থেকে ২৪ বছর বয়সি প্রায় ১০ লাখ তরুণ শিক্ষা, চাকরি কিংবা কোনো ধরনের প্রশিক্ষণের সঙ্গে যুক্ত নন। তাদের ‘নিটস’ (নিট—শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে থাকা তরুণ) বলা হয়। এই বয়সি জনগোষ্ঠীর ১৩ শতাংশের বেশি এমন অবস্থায় রয়েছেন। দেশটির মোট বেকার মানুষের ৪০ শতাংশের বেশি তরুণ।

মন্তব্য করুন