সাগরে সপ্তাহখানেক ভাসমান অবস্থায় থাকার পর কক্সবাজার সমুদ্রসৈকতে মালয়েশিয়াগামী একটি মাছ ধরার ট্রলার ফেলে পালিয়েছে মানবপাচারকারী চক্রের সদস্যরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে ট্রলারটি কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট সৈকতে এসে ভেড়ে। খবর পেয়ে পুলিশ ট্রলার থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে উদ্ধার করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়াদের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। তাদের মধ্যে ছয়জন রোহিঙ্গা নাগরিক।
উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজন জানান, টেকনাফ থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে মাছ ধরার ট্রলারে ওঠেন ৭২ জন নারী, পুরুষ ও শিশু। এক সপ্তাহ সাগরে অবস্থানের পর ট্রলারের মাঝিমাল্লা ও মানবপাচারকারী চক্রের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে শুক্রবার রাতে তাদের কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে নামিয়ে দিয়ে পালিয়ে যান পাচারকারীরা।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া এলাকার বাসিন্দা ইলিয়াস জানান, গত ১২ নভেম্বর মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট নৌকায় করে তাদের সাগরে অবস্থানরত একটি বড় ট্রলারে তুলে দেওয়া হয়। এরপর টানা কয়েক দিন সাগরে থাকতে হয়। ট্রলারে থাকা ১৭ জন মাঝিমাল্লা ও দালালের মধ্যে বিরোধের একপর্যায়ে ট্রলারটি লাবণী পয়েন্টে ভেড়ানো হয়। পরে তারা পালিয়ে যান।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, উদ্ধার ব্যক্তিদের পরিচয় ও মানবপাচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হন। ঘটনাস্থল থেকে পাচারের শিকার ৫৬ জনকে উদ্ধার করে যৌথ বাহিনী। এ সময় পাচারকারী দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর শুষ্ক মৌসুমে সমুদ্রপথে মানবপাচারের ঘটনা বাড়ে। পাচারকারীরা বিভিন্ন এলাকার মানুষ ও রোহিঙ্গাদের পাহাড়ে জিম্মি করে সুযোগ বুঝে মাছ ধরার ট্রলারে করে মালয়েশিয়া ও থাইল্যান্ডে পাচার করে আসছে।

মন্তব্য করুন