চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি (জাপানি) পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ দুই অস্ত্র চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন— ফেনী সদর উপজেলার ৫ নম্বর কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের (২ নম্বর ওয়ার্ড) তোফাজ্জল হোসেন ও মৃত বিবি কুলসুমের ছেলে ইবনে জাহিদ (৩৪) এবং ফেনীর সোনাগাজী উপজেলার ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের (২ নম্বর ওয়ার্ড) মৃত ছিদ্দিক আহম্মদ ও মৃত নুরজাহানের ছেলে সালাহ উদ্দিন আকবর (৪৪)।
​পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই মামুন হাসান, এসআই মো. ফারুক উদ্দিন, এসআই মো. জিশান আহম্মেদ (পিপিএম-সেবা) ও এএসআই আবদুল মমিনসহ পুলিশের একটি দল করেরহাট ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা ‘শান্তি পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে (রেজি. নং- চট্টমেট্রো-ব-১১-০২৫০) করে দুই অস্ত্র ব্যবসায়ী একটি বিদেশি পিস্তল নিয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়ক হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে।
​উক্ত তথ্যের ভিত্তিতে বিকেল ৫টার দিকে জোরারগঞ্জ থানাধীন ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজার গেট সংলগ্ন পাকা সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসায় পুলিশ। বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে শান্তি পরিবহনের বাসটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ কৌশলে বাসটির যাত্রীদের তল্লাশি শুরু করে। একপর্যায়ে সাধারণ যাত্রীবেশে থাকা ইবনে জাহিদ ও সালাহ উদ্দিন আকবরকে শনাক্ত করে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
​এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই সফলতা এসেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং এই অস্ত্র চালানচক্রের মূলহোতাদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।